ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে গাজীপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব।

বুধবার গভীর রাতে ওই নবজাতককে উদ্ধার করা হয়।

র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রোম্মান মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অপারেশন টিম এখনো গাজীপুরে রয়েছে। এ বিষয়ে র‌্যাব সদর দপ্তরে বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ২০ আগস্ট ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে দুই পুত্র সন্তানের জন্ম দেন রাজধানীর মোহাম্মদপুরের এফ ব্লকের জহুরী মহল্লার ৪১/৯ নম্বরের বাসিন্দা রুনা আক্তার।

পরদিন ২১ আগস্ট কান্না থামানোর নাম করে অপরিচিতা এক নারী রুনার কাছ থেকে এক শিশুকে কোলে নিয়ে ওয়ার্ডে হাঁটাহাঁটি করেন। এর পর থেকে ওই নবজাতক নিখোঁজ ছিল।

শিশু চুরির ঘটনায় ওইদিনই হাসপাতালের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয় এবং শাহবাগ থানায় একটি ‍মামলা দায়ের করা হয়।

পরে নবজাতক চুরির দায় স্বীকার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) কর্তৃপক্ষ। ২৬ আগস্ট বেলা ১২টায় হাসাপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি নবজাতক চুরির দায় স্বীকার করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এদিকে, ২৭ আগস্ট বুধবার এ ঘটনায় বিচারিক তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেন।

আদেশে একজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিতে ঢাকার মুখ্য মহানগর হাকিমকে নির্দেশ দেওয়া হয় ও চার সপ্তাহের মধ্যে এ ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

এছা‍ড়া তদন্ত চলাকালে ওই শিশুর পরিবারকে নিরাপত্তা প্রদানের নির্দেশ দিয়ে আগামী ২০ অক্টোবর এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে বলেও জানান আদালত।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম,এসএইচ