সুন্দরবনে আগুন লাগানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।


বুধবার সকালে ফকিরহাট উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে র‌্যাবের একটি দল তাদের গ্রেপ্তার করে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা সুন্দরবনে আগুন দেওয়ার কথা স্বীকার করেছে বলে র‌্যাব দাবি করেছে। জিজ্ঞাসাবাদ শেষে বুধবার বিকেলে তাদের শরণখোলা থানায় সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের জলিল হাওলাদারের ছেলে মাসুম হাওলাদার (৩৫) ও একই গ্রামের সোবাহান হাওলাদারের ছেলে ইব্রাহিম হাওলাদার (৩০)।

সুন্দরবনে আগুনের দেওয়ার ঘটনায় বনবিভাগের করা মামলার এজাহারভুক্ত আসামি মাসুম ।

এই নিয়ে সুন্দরবনে আগুন দেয়ার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী সাতজনকে গ্রেপ্তার করল।

আটক দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুন্দরবনে আগুন দেওয়ার কথা স্বীকার করেছে বলে দাবি করছে র‌্যাব।
র‌্যাব-৬-এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম বলেন, সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন এলাকায় এক মাসে চার দফা আগুন লাগে। বনের এই আগুনের জন্য বনবিভাগ স্থানীয় অপরাধীদের দায়ী করে শরণখোলা থানায় দুটি ও আদালতে একটি মামলা করে।

“ওই মামলার এজাহারভুক্ত আসামি মাসুম হাওলাদার ও সন্দেহভাজন আসামি ইব্রাহিম হাওলাদার ভারতে পালিয়ে যাচ্ছে এমন খবর পেয়ে কাটাখালী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে দুজনকে আটক করে র‌্যাব।”

জিজ্ঞাসাবাদ শেষে তাদের শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

গত ২৭ মার্চ, ১৩ এপ্রিল, ১৮ এপ্রিল ও ২৭ এপ্রিল সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন এলাকায় চার দফা আগুন লাগে। এতে অন্তত ১৫ একর বনভূমি পুড়ে যায়।

এমই