নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর ইউনিয়নে ব্যাটারি চালিত অটোরিক্সা উল্টে মো. হানিফ(২৭)  নামে অটোরিক্সার চালক নিহত হয়েছে।

বুধবার রাতে মধ্য অম্বরনগরে এ দূর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকালে পুলিশ সড়কের পাশ থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে। নিহত মো. হানিফ জেলার বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পশ্চিম দূর্গাপুর গ্রামের আবুল খায়েরের ছেলে। সে পরিবারের লোকজন নিয়ে কিসমত করিমপুর ভাড়া বাসায় থাকত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় লোকজন অম্বরনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড মধ্য অম্বর নগর এলাকার সড়কের পাশে একটি ক্ষেতের মধ্যে একটি অটোরিক্সাকে উল্টে পড়ে থাকতে দেখে।

পরে তারা কাছে গিয়ে অটোরিক্সার নিচে চালকের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয়রা ধারণা করছেন, রাতে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় সড়কের পাশের তাল গাছের সাথে ধাক্কা লেগে চালক হানিফ অচেতন হয়ে অটোরিক্সসহ পানিতে পড়ে যায়। ঠান্ডার কারণে ওই পানিতে তার মৃত্যু হয়েছে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় নিহতের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসএইচ