লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকা থেকে বিএসএফ এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
বিজিবি ৬১ ব্যাটালিয়নের বুড়িমারি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ওবাইদুল হক জানান, রেজাউল করিম (৩৪) নামে এক বাংলাদেশিকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার পর শনিবার তারা পতাকা বৈঠক আহ্বান করেছেন।
রেজাউল পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
বিজিবি জানিয়েছে, শুক্রবার রাতে সীমান্তের ৮৪৩ নম্বর পিলারের কাছ দিয়ে ধরলা নদী পার হয়ে ভারতে গরু আনতে যান রেজাউলসহ কয়েকজন। ভারতের কুচবিহারে সীমান্তের পানিশালা গ্রাম থেকে গরু নিয়ে ফেরার সময় বিএসএফ তাদের ধাওয়া করে। অন্যরা পালাতে পারলেও রেজাউল ধরা পড়েন।
বিজিবি কর্মকর্তা ওবাইদুল বলেন, এ বিষয়ে বিএসএফ ও বিজিবির মধ্যে শনিবার কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।





