গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, আরব আমিরাতে প্রধানমন্ত্রী জামায়াত সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তা গ্রহণযোগ্য নয়। প্রধানমন্ত্রী বলেছেন, জামায়াত বাংলাদেশের জন্য হুমকি নয়। অথচ আমরা দেখেছি জামায়াত কিভাবে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র পরিণত করতে হত্যা থেকে শুরু করে খুন, জখম ও নানা ধরনের তাণ্ডব তারা চালিয়েছে।
গণজাগরণ মঞ্চের জাগরণ যাত্রা ঝিনাইদহের জনসভায় যাওয়ার পথে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে এক পথসভা এ বক্তব্যে এসব কথা বলেন তিনি। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে ওই পথসভাটি অনুষ্ঠিত হয়।
সকল যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ, জামায়াত ইসলামীর রাজনীতি নিষিদ্ধসহ ছয় দফা দাবি বাস্তবায়নে এ যাত্রা করে গণজাগরণ মঞ্চ।
ডা. ইমরান আরো বলেন, আইনের ফাঁক দিয়ে বের হয়ে কোনো যুদ্ধাপরাধী আমাদের এই স্বাধীন দেশে যেন লাল সবুজের পতাকা তাদের গাড়িতে আর কখনো ব্যবহার না করতে পারে, সেই জন্যে সাধারণ মানুষের পাশে আমরা রয়েছি।
জনবিচ্ছিন রাজনীতির দিন শেষ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাজনীতি করতে গেলে দেশের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াতে হবে।
জেআই





