মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার তেতৈইতলা এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।
রোববার দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন সেলিনা বেগম (৩৫)। তিনি কুমিল্লার বাররা থানার মুহিদপুর গ্রামের প্রবাসী হোসেন মিয়ার স্ত্রী। নিহত অপরজন মাইক্রোবাসের চালক বলে জানা গেছে। তবে তার নাম জানা যায়নি।
আহতদের মধ্যে নাসিমা বেগম (৪৫) নামে এক নারীর নাম জানা গেছে। গুরুতর অবস্থায় আহত সবাইকে ভবেরচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে, দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। বিকাল সোয়া তিনটায় অবস্থা অপরিবর্তীত ছিল।
ভবেরচর পুলিশ ফাঁড়ির সাজেন্ট সাইফুল ইসলাম জানান, দুপুরে তেতৈইতলা এলাকার মর্নিংসান হোটেলের সামনে কুমিল্লাগামী একটি বাস ও ঢাকাগামী মাইক্রেবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক মারা যান। এ ঘটনায় আহত হন সেলিনা ও নাসিমাসহ পাঁচজন। এ অবস্থায় আহতদের উদ্ধার করে ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সেলিনার মৃত্যু হয়।
কেএইচ





