রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুইজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন- মোছা: শাকিলা আক্তার ও মোছা: রেহেনা খাতুন। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে খবর পান যাত্রাবাড়ী থানার কাজলা, নয়ানগর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (০১ জুলাই) বিকাল ৫টা ২৫ মিনিটে ওই স্থানে অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা ইয়াবা ব্যবসায় জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

এমবি