বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা পদ্মা স্লুইজ এলাকা থেকে দস্যু সন্দেহে তিন জনকে আটক করেছেন পুলিশ।

সোমবার (১৬ মে) গভীর রাতে পদ্মা স্লুইজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক তিন দস্যুরা হলেন-সদর পাথরঘাটা ইউনিয়নের পদ্মা গ্রামের মো. চাঁন খাঁর ছেলে আ. হালিম খাঁ, মো. সুন্দর মোল্লার ছেলে মো. শহিদ মোল্লা, ও আলমগীরের ছেলে মো. রুবেল।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক জানান, পদ্মা স্লুইজ এলাকায় দস্যুরা কার্ড আদান-প্রদান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক দস্যুদের মধ্যে আ. হালিম খাঁ ও শহিদ মোল্লা তালিকাভুক্ত দস্যু। তারা সুন্দরবনের মাস্টার বাহিনীর সদস্য বলে জানা গেছে।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে আ. হালিম খায়েরের নেতৃত্বে এ বাহিনী সাগরে দস্যুতাসহ স্থলপথে দস্যু কার্ড বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা দায়ের করে মঙ্গলবার (১৭ মে) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

এমই