মেহেরপুরের গাংনীতে দুই পক্ষের সংঘর্ষে ছয় জন আহত হয়েছেন। রোববার বিকালে উপজেলার সাহারবাটি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে- সাহান আলী (৩২), জাফর আলী (২৮), সেলিম রেজা (২৪), আহসান হাবীব (২৩), পেরু শাহ (৬৫), তার ছেলে আব্দুর রশিদকে (২৫) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত সাহান জানান, গাংনী কাথুলি সড়কের সাহারবাটি এলাকায় ট্রাকে কপি বোঝাই করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
এ সময় প্রতিপক্ষ পেরু শাহ ও তার ছেলে আব্দুর রশিদ খড় ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। খড় ফেলতে বাধা দিলে তারা হামলা করে বলে জানান সাহান।
আহত পেরু শাহ অভিযোগ অস্বীকার করে জানান, রাস্তার ওপর কোনো খড় রাখা হয়নি। জমি থেকে কপি নিয়ে রাস্তায় আসার সময় প্রতিপক্ষরা ট্রাক থামিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে তাদের ওপর হামলা করে। তারা নিজেদের অপরাধ ঢাকতে হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানান পেরু।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এ কে রেজা জানান, পেরু শাহ ও তার ছেলে আব্দুর রশিদের মাথায় কয়েকটি করে সেলাই দেওয়া হয়েছে। বাকিরা সামান্য আহত হয়েছেন।
এ ঘটনায় উভয় পক্ষের লোকজন থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
কেএইচ





