সিরাজগঞ্জের বেলকুচিতে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও ৩ জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
রোববার বিকাল সাড়ে ৫টায় বেলকুচি উপজেলার দেলুয়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, দেলুয়া দক্ষিণপাড়া গ্রামের আব্দুল করিমের সঙ্গে একই গ্রামের ইব্রাহিম হোসেনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে দুপুরে ইব্রাহিমের ছেলে মো. কামাল হোসেন (৩০) করিমের বাড়িতে হামলা চালান।
এ সময় তিনি বাড়িতে না থাকায় তার স্ত্রী চায়না বেগমকে পিটিয়ে আহত করে ও ঘরবাড়ি ভাঙচুর করে। বিকালে করিম পাশের সুবর্ণপাড়া গ্রাম থেকে আত্মীয়-স্বজন নিয়ে ইব্রাহিমের বাড়িতে হামলা চালান। এ সময় ইব্রাহিমের ছেলে কামালকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় ও পায়ের রগ কেটে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উভয়পক্ষের ৩ জন আহত হন। তাদের বেলকুচি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেলকুচি থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আনিসুর রহমান জানান, মৃতদেহ উদ্ধার করতে পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্ত শেষ হলে হত্যা মামলা হবে বলেও তিনি জানান।
ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





