পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চাঁদের বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার রাত ১০ টার দিকে বৈদ্যুতিক শটসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়, আগুন লাগার পর নিমিষেই তা আনসার আলীর ছেলে শামীম রেজার টিনশেড বাড়ির ৩টি ঘরে ছড়িয়ে যায়। এ সময় তার বাড়ির ভাড়াটে সাইদুল ইসলামের কসমেটিকস ও মুদি দোকান পুড়ে যায়।

শামীম রেজার স্ত্রী আর্জিনা খাতুন বলেন, রাত আনুমানিক ১০টার দিকে হঠাৎ আগুনের উত্তাপ অনুভব করি। তখন সবাই রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছি। উঠে দেখি আগুনে পুড়ছে ঘরবাড়ি। এ সময় ঘরে রক্ষিত ৫০ হাজার টাকার সোনার গহনা, নগদ ১ লাখ টাকা, আসবাবপত্র, ১ লাখ টাকা মূল্যের চেরাই কাঠ, ৪টি মুঠো ফোনসেট, পাসপোর্ট, কাপড়-চোপড়সহ প্রায় ৬ লাখ টাকার মালামাল পুড়ে যায়।’

আর্জিনা আরো বলেন, ‘আমরা কোনমতে ঘর থেকে বের হতে পেরেছি। এই অগ্নিকান্ডে সাইদুল ইসলামের দোকানের দুইটি ফ্রিজসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।’

জানা যায়, ভূক্তভোগীদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলেও, বিদ্যুতস্পৃষ্ট হবার ভয়ে কেউ আগুনের কাছে আসতে সাহস পায়নি। পরে বিদ্যুৎ লাইন বন্ধ করে আগুন নেভানোর চেষ্টা করলেও ইতিমধ্যেই সব পুড়ে ছাই হয়ে যায়।

আগুন নিয়ন্ত্রণে আসার পর, দমকল কর্মীরা সেখানে উপস্থিত হন।

ইআর