চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামির রুবি গেট এলাকা থেকে ছয় কোটি টাকা মূল্যের ১২০ পিস স্বর্ণের বারসহ জাকির উদ্দিন মুন্না (২৫), মো. ফারুক (২৯) ও মো. জহির (৩০) নামে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রুবি গেট এলাকা থেকে একটি কারসহ তিনজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। আটক তিনজন হিলভিউ আবাসিক এলাকা থেকে স্বর্ণের বারগুলো নিয়ে ঢাকা যাচ্ছিল বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন তারা।

তিনি আরও জানান, প্রাইভেটকারের তেলের ট্যাংকের ভেতরে স্বর্ণের বারগুলো প্যাকেটে ভর্তি অবস্থায় পাওয়া গেছে। ১২০ পিস স্বর্ণের ওজন প্রায় ১২ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ছয় কোটি টাকা। আটকদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

জেআই