মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ শাহিন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

পুলিশ নিহতকে দুর্বৃত্ত দাবি করে এ ঘটনায় পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার এবং ওসিসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানানো হয়।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার রৌদ্রপাড়া এলাকায় এই বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য, দুপুর সাড়ে ১২টার দিকে ছিনতাইকৃত মোটরসাইকেল নিয়ে ফেরার পথে পুলিশের একটি টহল টিমের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এ সময় তারা পুলিশের রাইফেল ছিনিয়ে নেয়। ঘটনার সময় শ্রীনগর থানার কনস্টেবল আলামিন গুলিবিদ্ধ হন।

খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ও জেলা পুলিশ লাইনের অতিরিক্ত পুলিশ ওই এলাকায় অভিযানে নামে। পুলিশের অভিযানের সময় ফের পুলিশকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়লে শ্রীনগর থানার ওসি মাহবুবুর রহমান আহত হন।

এ সময় পুলিশের পাল্টা গুলিতে শাহিন ঘটনাস্থলে নিহত হন। পরে পুলিশ তাদের খোয়া যাওয়া রাইফেল ও সন্ত্রাসীদের ফেলে যাওয়া আগ্নেয়াস্ত্র শাহিনের বাড়ি থেকে উদ্ধার করে।

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

খবরের সত্যতা নিশ্চিত করে শ্রীনগর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, পুলিশের ওপর আক্রমণ করে অস্ত্র ছিনতাইয়ের দুই ঘণ্টার মধ্যে সেটি উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, এই অস্ত্র উদ্ধারে অভিযানে গেলে দুর্বৃত্তদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এ সময় শাহিন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

জেআই