বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে কালমেঘা ইউনিয়নের কালমেঘা খান বাড়ির একটি পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

কালমেঘা গ্রামের মো. জয়নাল খানের স্ত্রী মোসা. সেতারা বেগম বাংলানিউজকে জানান, সোমবার ভোররাতে ফজরের নামাজ পড়ার জন্য পুকুরে ওজু করতে গেলে মানুষের মতো কিছু একটা দেখতে পান।

এ সময় তিনি একটি লাঠি দিয়ে নাড়াচাড়া করার পরে একটি মেয়ের মৃতদেহ দেখে সবাইকে জানান।

পরে খবর পেয়ে পাথরঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। তবে সকাল পৌনে ১০টা পর্যন্ত উদ্ধারকৃত মৃতদেহটি কেউ সনাক্ত করতে পারেনি।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক বাংলানিউজকে বলেন, উদ্ধারকৃত মৃতদেহের বয়স ১৭/১৮ বছর হবে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতাল মর্গে পাঠানো হবে।


এসএম