ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী দেখতে গিয়ে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শারীরিক পরীক্ষার জন্য ওই কিশোরীকে আজ রোববার ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

ওই​ কিশোরী গত শনিবার হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন তার পরিচিত এক রোগীকে দেখতে যায়।

চিকিৎসাধীন ওই রোগী অভিযোগ করেন, কিশোরীটি পথ ভুল করে তাঁর ওয়ার্ডে না গিয়ে ছয়তলার চিলেকোঠায় উঠে যায়। সেখানে তিনজন তরুণ তাকে ধর্ষণ করে। ওই কিশোরী বিষয়টি তাঁকে জানালে তিনি ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশকে খবর দেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন আহমেদ জানান, এ অভিযোগ পাওয়ার পর ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। বর্তমানে তাকে (কিশোরী) ওসিসিতে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের ওয়ার্ড ইনচার্জ মো. কাউসার বলেন, কিশোরীকে এখানে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক এ কে এম আজাদ বলেন, মেডিকেল প্রতিবেদন পাওয়ার পর অভিযোগের যথার্থতা জানা যাবে।

হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক কে এম খবির বলেন, কিশোরীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে আনুষঙ্গিক আরও কয়েকটি পরীক্ষা করার পর মঙ্গলবার নাগাদ এ ব্যাপারে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া সম্ভব হবে।

ওএফ