টাঙ্গাইলে বিদ্যুতের তারের সঙ্গে নৌকার মাঝির স্পর্শ লাগে নৌকা ডুবে পাঁচ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকালে বাসাইল উপজেলার গিলাবাড়ী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার গিলাবাড়ী গ্রামের নৌকার মাঝি তাইজ উদ্দিন (৫০), একই এলাকার মিঞ্জু মিয়ার স্ত্রী জমেলা বেগম (৬০) ও তার ছেলে হামিদুর রহমান রনো (৩৫), একই এলাকার আতা মিয়ার ছেলের বউ (৩২), সখীপুর উপজেলার কৈয়ামধু গ্রামের হায়দার আলীর ছেলে শাহ আলম (২৫)।

স্থানীয় ইউপি সদস্য রুবেল মিয়া বলেন, ‘‘নৌকাটি দাঁড়িয়াপুর থেকে গিলাবাড়ীতে আসছিল। গিলাবাড়ী বাজার এলাকায় পৌঁছালে বিলের মধ্যে থাকা বিদ্যুতের তারের সঙ্গে নৌকার মাঝির স্পর্শ লাগে। এ সময় নৌকাটি ডুবে যায়। এতে ঘটনাস্থল থেকে পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়েছে। কতজন নিখোঁজ রয়েছে সেটি বলা যাচ্ছে না।’’

বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ‘‘ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে ডুবুরি পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানাতে পারবো।’’

এমবি