সিলেট মহানগরীর আম্বরখানায় এক নারীকে রাস্তায় ফেলে পিটিয়েছেন এক ব্যবসায়ী।
মঙ্গলবার দুপুরের দিকে আম্বরখানা সেন্ট্রাল প্লাজার সামনে এ ঘটনা ঘটে। পরে আম্বরখানা পয়েন্টে দায়িত্বরত পুলিশ তাদের উভয়কেই থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, আম্বরখানা সরকারি কলোনি সংলগ্ন তপু টেইলার্সের মালিক তপু মিয়া। প্রায় তিন মাস ধরে তার টেইলার্সে কাজ করে আসছিলেন নাজমা আক্তার (৩০) নামক এক মহিলা। গত কয়েক দিন ধরে তিনি কাজে আসছিলেন না।
মঙ্গলবার দুপুরের দিকে তিনি কাজে আসেন। এ সময় তপু তাকে দেখেই গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে নাজমা ওই টেইলার্সের দোকান থেকে বেরিয়ে আসেন। এ সময় তপু নাজমাকে ধাওয়া করেন। আম্বরখানা সেন্ট্রাল প্লাজার সামনে আসার পর তিনি নাজমাকে ধরে রাস্তায় ফেলে মারধর করেন।
স্থানীয় মানুষের শোরগোল শুনে আম্বরখানা পয়েন্টে দায়িত্বরত পুলিশ সদস্য নাজিম উদ্দিনসহ আরো কয়েকজন কনস্টেবল ঘটনাস্থলে পৌঁছেন। এ সময় নাজমা পুলিশের কাছে অভিযোগ করে বলেন, আমি আমার গত তিন মাসের পাওনা টাকা চাইতে এলে তপু আমাকে গালিগালাজ করেন। আমি বাসায় চলে যেতে চাইলে তিনি আমাকে ধাওয়া দিয়ে মারধর করেন।
এ ব্যাপারে হাবিলদার নাজিম উদ্দিন জানান, তিনি নাজমা ও তপুকে আম্বরখানা পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেছেন।
নগরীর বিমানবন্দর থানার অফিসার ইন চার্জ (ওসি) গৌছুল হোসেন জানান, তাদেরকে থানায় নিয়ে আসা হয়েছিল। পরে তাদের উভয়ের মধ্যে সমঝোতা হয়ে গেছে।
কেএইচ





