সহকর্মী এক শ্রমিকের লাশ বাগানে ফেলে পালিয়ে যাওয়ার সময় দুই যুবকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। দুই যুবকের নামই ইমরান। নিহত শ্রমিকের নাম শাহাবুল (৩০)।
সোমবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার এসআই শাহ আলম। তিনি জানান, রোববার রাতে তাদেরকে আটক করা হয়।
তিনি জানান, শাহাবুল মুন্সিগঞ্জের একটি কারখানার শ্রমিক। রোববার সন্ধ্যায় কাজ করার সময় একটি পাইপ থেকে তিনি পড়ে যান। এরপর তাকে আহত অবস্থায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উমিদগঞ্জ হাসপাতালে নেয়া হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়ে দেন। কারখানার একটি পিকআপ ভ্যানে করে চারজন শ্রমিক রাত ১২টার দিকে শাহাবুলকে নিয়ে ঢামেক হাসপাতালের সামনে পৌঁছান। এসময় তারা দেখতে পান তাদের সহকর্মী বেঁচে নেই।
উপয়ান্তর না পেয়ে তারা শাহাবুলের লাশ ঢামেক হাসপাতালের পাশের বাগানে ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় স্থানীয়রা ওই দুজনকে আটক করে। পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
তিনি আরও জানান, অবস্থা খারাপ দেখে বাকি দুই শ্রমিক ও পিকআপ চালক ঘটনাস্থল থেকে পালিয়েছে।
কেএইচ





