ভোলার মনপুরার মেঘনায় ৭০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে স্থানীয় জেলেরা সব যাত্রীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে দুর্ঘটনা এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের রিজিরখাল নামক এলাকা থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নেয়ারখালী হাতিয়ার চেয়ারম্যানের ঘাটের দিকে যাত্রা করে ট্রলারটি।

দুপুর পৌনে ১২টার দিকে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয় জেলেরা যাত্রীদের সবাইকে জীবিত উদ্ধার করে।

মনপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ইউপি) মো: আলাউদ্দিন জানার, ট্রলারের যাত্রীরা সকলকে উদ্ধার হয়েছে বলে জানতে পেরেছি, তবে এ ঘটনায় কেউ নিখোঁজ রয়েছে কিনা তা এখনও জানা যায়নি।

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ আলী বলেন, দুর্ঘটনা কবলিত ট্রলারটি উদ্ধারের জন্য পুলিশ ও কোস্টগার্ডের একটি টিম ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে। সকল যাত্রী উদ্ধার হয়েছে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনা কবলিত ট্রলারে ৭০ জন যাত্রী, ৬টি গরু ও ৮টি ছাগল ছিলো। এ ঘটনায় কেউ নিখোঁজ নেই।

এআর