রাজধানীর ভাটারা নতুনবাজার ১০০ ফিট রাস্তায় পিকআপভ্যানের ধাক্কায় এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছে। নিহতের নাম জালাল উদ্দিন (৪৫)।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টায় এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় জালালকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ১২টায় মৃত ঘোষণা করেন।

জালালের বাড়ি পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার শ্রীনগর গ্রামে। তাঁর বাবার নাম হাসেম জমাদার। তিনি মালিবাগ চৌধুরী পাড়া এলাকায় থাকতেন।

জালাল উদ্দিনের জামাতা সোহেল মিয়া বলেন, নতুন বাজারের ওই রাস্তায় হেঁটে পার হওয়ার সময় একটি পিকআপভ্যান জালালকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে পথচারীরা তাঁকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসক রাত সাড়ে ১২টায় তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানান সোহেল মিয়া।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) এজাজ আহমেদ বলেন, পিকআপভ্যানসহ চালকের সহকারীকে (হেলপার) আটক করা হয়েছে।

এমবি