গাইবান্ধায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় ওয়াহেদুল ইসলাম (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

বুধবার দুপুর ২টার দিকে সাদুল্যাপুর-গাইবান্ধা সড়কের সদর উপজেলার খোলাবাড়ি বাজারের পূর্বপার্শ্বে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াহিদুল ইসলাম সদর উপজেলার খোলাবাড়ি এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে।

স্থানীয়রা জানান, ওয়াহিদুল ইসলাম হেঁটে খোলাবাড়ি বাজারে আসছিলেন। এ সময় সাদুল্যাপুর থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে এ ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী গাইবান্ধা-সাদুল্যাপুর সড়কের খোলাবাড়িতে অবস্থান নিয়ে অবরোধ করেছেন। দুপুর পৌনে ৩টায় সড়কে অবরোধ থাকায় যান চলাচল বন্ধ রয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।