আরও দুই দিন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মেয়াদ বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে এ সময় বাড়ানো হয়েছে।
ফলে আগামী বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) পর্যন্ত মেলায় গিয়ে কেনাকাটা করার সুযোগ পাবেন দর্শনার্থীরা।
রাজধানীর শেরে বাংলা নগরে বাণিজ্য মেলার সচিবালয়ে বাণিজ্য সচিব জাফর উদ্দীন এই তথ্য জানান।
তিনি বলেন, মূলত দুটি শুক্রবার বন্ধ থাকায় ব্যবসায়ীরা আজও মেলার সময় বাড়ানোর দাবি করেছিল। বাণিজ্যমন্ত্রীও এ আশ্বাস দিয়েছিলেন, সেই প্রেক্ষিতেই মেলার সময় আরও দুই দিন বাড়ানো হয়েছে।
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের কারণে গত শুক্র ও শনিবার বন্ধ ছিল বাণিজ্য মেলা। ফলেমেলার সময় বাড়িয়ে ০৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল।
উল্লেখ্য, বছরের প্রথম দিন ১ জানুয়ারি শুরু হয় ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মাসব্যাপী চলা এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। টিকিটের দাম এ বছর প্রাপ্ত বয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা।
মেলায় বাংলাদেশের পাশাপাশি থাইল্যান্ড, ইরান, তুরস্ক, নেপাল, চীন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, হংকং, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রুনাই, সংযুক্ত আরব আমিরাত, ইতালি ও তাইওয়ানের প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
এমবি





