অভ্যন্তরীণ রুটে সব বিমানের একই ভাড়া নির্ধারণ, টিকিট বাতিলের চার্জসহ বিভিন্ন চার্জ নির্ধারণে নীতিমালা প্রণয়নের কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ সোমবার রুল জারি করেন।

আদালতে রিট আবেদনটি করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। তার সঙ্গে ছিলেন মোহাম্মদ শহিদুল্লাহ ইসলাম শামীম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

বদরুদ্দোজা বাদল বলেন, অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলে কোম্পানিগুলো ইচ্ছেমতো ভাড়া নিচ্ছে। শুধু তাই নয়, টিকিট বাতিলের চার্জ ও অতিরিক্ত মালামাল পরিবহনসহ আনুষঙ্গিক নানা চার্জ নেয়া হচ্ছে। কিন্তু ভাড়া বা এসব চার্জ নির্ধারণে কোনো নীতিমালা নেই।

ফলে বিমান কোম্পানিগুলো তাদের ইচ্ছামতো ভাড়া বা চার্জ নির্ধারণ করছে। তাই অভ্যন্তরীণ রুটে বিমানের ভাড়া ও চার্জ নির্ধারণে নীতিমালা প্রণয়নের প্রশ্নে রুল জারি করেছে।

তিনি বলেন, একেক কোম্পানি একেক ধরনের ভাড়া নিচ্ছেন। টিকেট বাতিল-সংক্রান্ত চার্জসহ বিভিন্ন চার্জেও অসঙ্গতি থাকে। চার সপ্তাহের মধ্যে সব কোম্পানিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলেছেন হাইকোর্ট।

চার সপ্তাহের মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ বেসামরিক বিমান কর্তৃপক্ষ ও সকল বেসরকারি বিমান কোম্পানিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এএস