ইলিয়াস কাঞ্চনকে জ্ঞানপাপী বলা ও তার মুখোশ উন্মোচনের হুমকির বক্তব্যের পক্ষে প্রমাণ দিতে শাজাহান খানকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে নিরাপদ সড়ক চাই আন্দোলন (নিসচা)। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে তারা।

সাবেক এ নৌমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ইলিয়াস কাঞ্চনের প্রতিষ্ঠান ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’।

নিসচার যুগ্ম মহাসচিব লিটন এরশাদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা মনে করি, ইলিয়াস কাঞ্চন সম্পর্কে শাজাহান খান জঘন্যতম মিথ্যাচার করেছেন। তার মিথ্যাচারে আমরা বিস্মিত, হতবাক এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা ২৪ ঘণ্টা সময় বেঁধে দিচ্ছি শাজাহান খানকে। এই সময়ের মধ্যে তার বক্তব্যের তথ্য জাতির সামনে তুলে ধরতে হবে। নতুবা আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব।’

ইলিয়াস কাঞ্চনকে উদ্দেশ করে ডিটিসির ওই অনুষ্ঠানে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান বলেন, আপনি যে বিদেশিদের কাছ থেকে নিরাপদ সড়ক চাই এনজিওর নামে কোটি কোটি টাকা নিয়ে আসছেন। আপনি কয়টি প্রতিষ্ঠান করেছেন, কয়েকটি স্কুল করেছেন, কয়জন মানুষকে ট্রেনিং দিয়েছেন- আমি তার তথ্য বের করছি।

তিনি আরও বলেন, ইলিয়াস কাঞ্চন কোথা থেকে কত টাকা পান, কী উদ্দেশ্যে পান, সেখান থেকে কত টাকা নিজে নেন, পুত্রের নামে নেন, পুত্রবধূর নামে লাখ লাখ টাকা নেন; সেই হিসাব আমি জনসমক্ষে তুলে ধরব।

সেখানে বলা হয়েছে, শাজাহান খান কী করে সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশের বিরুদ্ধে অবস্থান নেন? সেই প্রশ্ন আমরা জাতির কাছে রাখছি।

নিসচার প্রশ্ন– পরিবহন সেক্টরে বছরে বিভিন্ন খাতের নামে যে চাঁদা আদায় করা হয়, তার কত অংশ শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হয়েছে? কয়টা প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে শ্রমিকদের দক্ষ করার জন্য? শ্রমিকদের স্বাস্থ্যসেবা দিতে কয়টি হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে? শ্রমিকদের সন্তানদের লেখাপড়া শেখানোর জন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠান গড়েছেন কি শাজাহান খান?

সাবেক নৌমন্ত্রীর উদ্দেশে নিসচার আরও যে প্রশ্ন, কয়টি আবাসন পল্লী গড়ে তোলা হয়েছে শ্রমিকদের আবাসনের জন্য? তাদের জীবনমান উন্নয়নে এই টাকার কত অংশ ব্যয় করা হয়?

পরিবহন সেক্টরে বছরে বিভিন্ন খাতের নামে যে টাকা আদায় করা হয় সে টাকার কত অংশ শ্রমিকদের কল্যাণে ব্যয় করা হয়েছে, শ্রমিকদের দক্ষতা বাড়াতে কয়টি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, কয়টি হাসপাতাল, কয়টি শিক্ষাপ্রতিষ্ঠান, কয়টি আবাসন করা হয়েছে- সে প্রশ্ন শাজাহান খানকে করেছে নিসচা।

এমএম