ভিন্ন মাথায় দেশপ্রেমে উজ্জীবিত হয়ে এবার বাংলা নববর্ষ উদযাপন করেছেন চট্টগ্রামে বিএনপি নেতারা। এতদিন রাজপথে সভা-সমাবেশে নেতাকর্মীরা তাদের বক্তব্য আর স্লোগান শুনতে অভ্যস্ত হলেও সোমবার বিকেলে তাদের হয়েছে ভিন্ন অভিজ্ঞতা। সেদিন বক্তব্য আর মিছিলের বদলে নেতাদের মুখ থেকে বেরিয়েছে দেশাত্ববোধক গান আর কবিতা।
বাংলা নববর্ষ বরণ উপলক্ষে পহেলা বৈশাখের বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয় সংলগ্ন নুর আহমদ চৌধুরী সড়কে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে ভিন্নমাত্রার বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল (জাসাস) চট্টগ্রাম মহানগর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী করেন একটি আবৃত্তি। তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত রণসঙ্গীত ‘কারার ঐ লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী’ আবৃত্তি করে শোনান।
এসময় উপস্থিত অন্যান্য নেতাকর্মীরা তার সঙ্গে কবিতা আবৃত্তি করতে থাকেন। উপস্থিত শ্রোতারা এসময় ব্যাপক করতালি দিয়ে তাদেরকে উৎসাহিত করেন। কবিতা শেষ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এই কবিতার মাধ্যমে আমাদের অনেক কিছু বুঝার আছে, আলাদাভাবে বক্তব্য দিয়ে তা বুঝানোর প্রয়োজন নেই।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক লায়ন আসলাম চৌধুরী ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ গানটি গেয়ে দর্শকদের উজ্জীবিত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী অনুষ্ঠানে একটি কবিতা পাঠ করেন।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘সূর্যোদয়ে তুমি, সুর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি...’ গানটি গেয়ে বর্ষবরণের অনুষ্ঠানে ভিন্নমাত্রা প্রদান করেন। এ সময় দর্শকরাও অতিথিদের সঙ্গে সুর মিলান।
অনুষ্ঠানে উপস্থিত বন্দর থানা বিএনপির সভাপতি আলহাজ্ব এমএ আজিজ কবিতা পাঠ করেন, ডবলমুড়িং থানা বিএনপির সভাপতি এস এম সাইফুল আলম ‘তোমরা ভুলে গেছো মল্লিকাদের নাম...’ গানটি গেয়ে দর্শকদের প্রশংসা কুড়ান।
এছাড়াও মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মণি, সাধারণ সম্পাদিকা জেলী চৌধুরী ও জাসাস কেন্দ্রীয় নেতা বিশিষ্ট সঙ্গীত শিল্পী আব্দুল মান্নান রানা গান গেয়ে দর্শকদের আনন্দ দেন।
[b]ঢাকা, ১৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
দর্শক মাতালেন বিএনপি নেতারা
ভিন্ন মাথায় দেশপ্রেমে উজ্জীবিত হয়ে এবার বাংলা নববর্ষ উদযাপন করেছেন চট্টগ্রামে বিএনপি নেতারা। এতদিন রাজপথে সভা-সমাবেশে নেতাকর্মীরা তাদের বক্তব্য আর স্লোগান শুনতে অভ্যস্ত হলেও সোমবার বিকেলে তাদের হয়েছে ভিন্ন অভিজ্ঞতা।





