তৃতীয় দফার  উপজেলা পরিষদের নির্বাচনে সহকারী রিটার্নিং কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় বাকেরগঞ্জ থানার ওসিকে দুই মাসের জন্য সাময়িক বরখাস্ত করেছেন রিটার্নিং অফিসার।  এ সংক্রান্ত আদেশের অনুলিপি মঙ্গলবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে।
গত ১৫ মার্চ  উপজেলা পরিষদের নির্বাচনে বাকেরগঞ্জ থানার ওসি নুরুল ইসলাম নির্বাচনের বিশেষ দায়িত্ব পালনের জন্য কর্তৃপক্ষের নির্দেশে হিজলায় কর্তব্যরত ছিলেন। নির্বাচন চলাকালীন নির্বাচনের সহকারী রিটার্নি কর্মকর্তা জাহিদুল ইসলামকে ওসি শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে জানান জেলা রিটার্নিং অফিসার মো. দুলাল তালুকদার।
এ ঘটনায় তিনি নির্বাচন কমিশনারের কাছে ফ্যাক্সযোগে একটি অভিযোগ দায়ের করেন। সে অনুযায়ী নির্বাচন বিধি অনুযায়ী বাকেরগঞ্জ থানার ওসি নুরুল ইসলামকে দুই মাসের জন্য সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বুধবার সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ডাকযোগে এই অনুলিপি পাঠানো হবে।
এ ব্যাপারে বরখাস্ত হওয়া ওসি নুরুল ইসলাম নির্বাচন কর্মকর্তাকে লাঞ্ছিত করার কথা অস্বীকার করে বলেন, সহকারী রিটার্নিং কর্মকর্তার সঙ্গে আমার দেখাও হয়নি।  এমনকি আমাকে সামনে দাঁড় করালেও তিনি আমাকে চিনতে পারবেন না। একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
বরিশাল,১৯মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ