চাঁদপুর: নিজ নির্বাচনী এলাকার বার্ষিক মাহফিলে জুতা নিক্ষেপের শিকার হয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। পরে পুলিশি নিরাপত্তায় তাকে উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বিকাল পৌনে ৫টার দিকে কচুয়া উপজেলার উজানী বার্ষিক মাহফিলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,বিকালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন কচুয়ার উজানী বার্ষিক মাহফিলে যোগ দিতে যান। এ সময় মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে হাজারো মুসল্লি তার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তার ওপর জুতা বৃষ্টি শুরু হয়।
এ সময় মঞ্চে থাকা আয়োজকদের পক্ষ থেকে মুসল্লিদের শান্ত থাকতে বার বার অনুরোধ জানানো হয়। তবে সবকিছু উপেক্ষা করে মুসল্লিরা জুতা নিক্ষেপ করতে করতে তেড়ে আসে মঞ্চের দিকে।
নিরুপায় আয়োজকরা পরে পুলিশি পাহারায় মন্ত্রীকে মঞ্চ থেকে সরে নিয়ে যান। পরে এলাকা ত্যাগ করতে গাড়িতে ওঠার সময় ফের মুসল্লিরা তার ওপর জুতা নিক্ষেপ করতে থাকে। এসম তার সঙ্গে থাকা পুলিশ বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই পক্ষে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।
এর আগে ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে ড. মহীউদ্দীন খান আলমগীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।