[b]সাভার:[/b] নতুন প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা সাভারের জাতীয় স্মৃতিসৌধে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শ্রদ্ধা নিবেদন করেছেন।
স্মৃতিসৌধের শহীদ বেদীর সামনে গিয়ে ফুল দিয়ে এক মিনিট নিরবে দাঁড়িয়ে থেকে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে মন্ত্রীপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বেলা ১১টা ২২ মিনিটে তিনি স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।
এর আগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়ক নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়। বন্ধ করে দেয়া হয় মহাসড়কে সাধারন যান চলাচল।
এসময় রাস্তার দুপাশে দাড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দলীয় নেতা-কর্মীরা।
রোববার ৪৯ সদস্যের নতুন মন্ত্রিসভার শপথ নেয়ার মধ্য দিয়ে টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে সোমবার সকালে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে এবং বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
শেখ হাসিনা বুধবার সকাল ১১টায় গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন বলেও তার কার্যালয় থেকে জানানো হয়েছে।