ভারতে নির্বাচনের আগে মোদীকে নিয়ে হিন্দুত্ববাদসহ নানা অভিযোগ উঠেছিল। শত অভিযোগের পরও তার দলই শেষে একক সংখ্যাগরিষ্টতা পেয়েছে। আর এই কারণে আমাদেরও জনগণের রায়কে শ্রদ্ধা করতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব) জাবেদ আলী।
শনিবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মধ্যবর্তী নির্বাচন নিয়ে বিদেশীদের কোন চাপ রয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কাজ হলো সাংবিধানিকভাবে কাজ করা। মধ্যবর্তী নির্বাচন নিয়ে আমাদের ওপরে বাহিরে বা ভিতরে কোন চাপ নেই।’
জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কমিশনার গোলাম ফারুক, পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ জালাম উদ্দিনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।
আগামী ২৬ জুন মাদারীপুর সদর উপজেলা নির্বাচন। আর এই নির্বাচনের আগাম প্রস্তুতি ও ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সংক্রান্ত বিষয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]