ভোটার তালিকা হালনাগাদের প্রথম দফার কাজ শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। নির্বাচন কমিশন (ইসি)  এ হালনাগাদের প্রচার-প্রচারণার দায়িত্ব   বেসরকারি সংস্থাকে (এনজিও) দিয়েছে। ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান  এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশনের ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে  বিভিন্ন এনজিওর প্রতিনিধিদের সাথে বৈঠক করে ইসি। বৈঠকে  এ সিদ্ধান্ত নেয়া হয়।
ইসি সূত্র জানায়, হালনাগাদের মতো বিশাল কর্মযজ্ঞে ব্যাপক প্রচারণার অংশ হিসেব গণমাধ্যমে বিজ্ঞাপন প্রচার, মোবাইল ফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে প্রচার, মাইকিং, টিভি স্পটসহ বিভিন্নভাবে প্রচারের উদ্যোগ নেয়া হয়েছে।
এছাড়াও মাঠ পর্যায়ে প্রচারের জন্য পোস্টার, লিফলেট, ব্যানারে প্রচারের সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশন নিজেও প্রচারণা চালাচ্ছে।
এনজিওদের মাধ্যমে যেভাবে প্রচারণা চালানো হবে এরমধ্যে রয়েছে মুদ্রিত প্রচার সামগ্রী বিশেষ করে পোস্টার, লিফলেট লাগানো, স্থানীয় পর্যায়ে মাইকিং করা, র‌্যালী ও সমাবেশের আয়োজন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন উৎসাহমূলক কর্মসূচি সম্পন্ন করা।
এ বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান বলেন, এনজিও প্রতিনিধিদের দুপুরে বৈঠকে বসে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে ভোটার তালিকা হালনাগাদের প্রচার-প্রচারণা দায়িত্ব দেয়া হয়েছে।  
উল্লেখ্য, প্রথম দফায় দেশের ১৮১ উপজেলায় এ কার্যক্রম শুরু হচ্ছে। চলবে আগামী ২৪ মে পর্যন্ত। দ্বিতীয় দফায় ১৭১ ও তৃতীয় দফায়  ১৯৪টি এলাকায় ভোটার তালিকা হালনাগাদ করা হবে।
[b]ঢাকা, এএম, ১৪ মে (টাইমনিউজবিডি.কম) // এআর
[/b]