রাজধানীর শাহজাহানপুর ফ্লাইওভারের নিচ থেকে জহির উদ্দিন নামের এক ব্যবসায়ীকে গুলি করে সাত লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে।
আহত জহির উদ্দিন জানান, মতিঝিল শাখা ঢাকা ব্যাংক থেকে প্রায় সাত লাখ টাকা তুলে রিকশায় করে সবুজবাগের বাসায় যাওয়ার সময় ফ্লাইওভারের নিচে পৌঁছালে মোটরসাইকেলে করে তিনজন ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় তাকে গুলি করে প্রায় সাত লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
তিনি আরও জানান, আল সুমিত নামে পুরানা পল্টন এলাকায় তার একটি গার্মেন্ট একসেশরিজের ব্যবসা রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত ক্যাম্প ইনচার্জ এএসআই হায়দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে বলে জানান তিনি।