নারায়ণগঞ্জে ৭ জনকে হত্যার ঘটনায় আজ সোমবার সকালে গণশুনানি শুরু হয়েছে। মাত্র একজন ব্যক্তি সাক্ষ্য দিয়েছেন। তদন্তের স্বার্থে হাইকোর্টের নির্দেশে গঠিত কমিটি তাঁর নাম প্রকাশ করেনি।
সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি গণশুনানি শুরু করে।
তদন্ত কমিটি জানায়, গণশুনানিতে মাত্র একজন সাক্ষ্য দিয়েছেন। তিনি অপহরণের ঘটনার প্রত্যক্ষদর্শী। তবে তদন্তের স্বার্থে কমিটি তাঁর নাম প্রকাশ করেনি। ১৫ মে আবার গণশুনানি হবে।
নারায়ণগঞ্জে সাতজনকে হত্যার ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি গত শুক্রবার নিহত ব্যক্তিদের স্বজনদের সাক্ষ্য নিয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ নিহত সাতজনের পরিবারের সদস্যরা তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দিয়েছেন। গত বৃহস্পতিবার তদন্ত কমিটি কাজ শুরু করে। ওই দিন দুপুরে তদন্ত কমিটি নারায়ণগঞ্জে যায় এবং পরে ঘটনাস্থল পরিদর্শন করে।
তদন্ত কমিটির প্রধান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লা জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ১৫ মের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে।
এ কমিটি গণতদন্তের মাধ্যমে সাতজন অপহরণ ও হত্যার সঙ্গে প্রশাসনের কোনো সদস্য বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা ও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা উদ্ঘাটন করবে। এ ছাড়া অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অপহূত ব্যক্তিদের জীবিত উদ্ধারে দ্রুত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো অবহেলা বা ইচ্ছাকৃত গাফিলতি ছিল কি না, তা নির্ণয় করবে। কমিটি সাত দিনের মধ্যে তদন্তকাজের অগ্রগতি সম্পর্কে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে হাইকোর্ট বিভাগে প্রতিবেদন দাখিল করবে।
কমিটির অন্য সদস্যরা হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুই উপসচিব মো. আবদুল কাইয়ুম সরকার ও আবুল কাশেম মো. মহিউদ্দিন, আইন মন্ত্রণালয়ের দুই উপসচিব মোস্তাফিজুর রহমান ও মিজানুর রহমান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই উপসচিব শফিকুর রহমান ও সাঈদ মাহমুদ বেলাল হায়দার।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালত থেকে লিংক রোড ধরে ঢাকায় যাওয়ার পথে অপহূত হন সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং তাঁর চার সহযোগী। প্রায় একই সময়ে একই সড়ক থেকে গাড়িচালকসহ অপহূত হন আইনজীবী চন্দন সরকার। তিন দিন পর গত ৩০ এপ্রিল একে একে ছয়জনের এবং পরদিন ১ মে আরেকজনের লাশ শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায়।[b]
ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]
ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই