চুয়াডাঙ্গার জীবননগর নিধিকুন্ডু গ্রামে জামায়াত নেতাদের বাড়ির সামনে ২ টি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এসময় মুখোশধারী দুর্বৃত্তরা জামায়াত নেতা-কর্মীদের হুমকি প্রদান করে বলে  আগামী ২৩ মার্চ জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য।
বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে জীবননগর উপজেলার নিধিকুন্ডু গ্রামে ৭-৮ জন মুখোশধারী দুর্বৃত্ত প্রবেশ করে। এসময় তারা ওয়ার্ড জামায়াতের সভাপতি রেজাউল হক ও সাধারণ সম্পাদক টিপু সুলতানের বাড়ির সামনে ২ টি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটায় এবং ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি প্রদান করে।
আন্দুলবাড়িয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক দাউদ আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, মুখোশধারী দুর্বৃত্তরা গ্রামে প্রবেশ করে জামায়াতের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য প্রাণনাশের হুমকি প্রদান করেছে।
জীবননগর থানার আফিসার ইন চার্জ (ওসি) শিকদার মশিউর রহমান জানান, আমি এ ব্যাপারে কিছু জানি না। অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে।
চুয়াডাঙ্গা,২১মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ