[b]মুম্বাই:[/b] ভারতের মহারাষ্ট্রে একটি যাত্রীবাহী বাস গিরিখাতে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। বাসটিতে ৪০ জন যাত্রী ছিল বলে জানা গেছে। নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসি ও টাইমস অব ইন্ডিয়ার।
বৃহস্পতিবার মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই থেকে ১৬০ কিলোমিটার দূরবর্তী মালশেজ ঘাট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এটি রাস্তা থেকে পার্শ্ববর্তী গভীর গিরিখাতে পড়ে যায়।
প্রসঙ্গত, সড়ক দুর্ঘটনা ভারতে একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার। দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর কয়েক লাখ লোকের প্রাণহানি ঘটে। সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর এক হিসেবে, ২০১২ সালে সড়ক দুর্ঘটনায় এক লাখ ৪০ হাজার মানুষ নিহত হন।
বেশিরভাগ সড়ক দুর্ঘটনার জন্য অদক্ষ চালক, পরিবহনে অব্যবস্থাপনা ও ত্রুটিপূর্ণ গাড়ির ইঞ্জিনকে দায়ী করা হয়।
এর আগে, গত অক্টোবরে পাঞ্জাব প্রদেশে একটি লরি গিরিখাতে পড়ে গেলে ২০ জন তীর্থযাত্রী নিহত ও ৩৫ জন আহত হন। তা ছাড়া, একই মাসে আসামে একটি কার্গো লরির সঙ্গে দুটি মিনিবাসের সংঘর্ষে ১২ শিশুসহ ৩০ জনের প্রাণহানি ঘটে।
এ ছাড়া, গত মে মাসে হিমাচল প্রদেশে একটি বাস খরস্রোতা নদীতে পড়ে গেলে ৩৯ জন নিহত ১৪ জন আহত হন।