এবার মেহেদী হাসান নবীন (১৮) নামে এক ছাত্রলীগ নেতার পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষ ছাত্রলীগ নেতারা। আহত ওই নেতার নাম মেহেদী হাসান নবীন (১৮)।
শনিবার সকালে বাগেরহাটের শরণখোলায় খোন্তকাটা গ্রামে এ ঘটনা ঘটে। নবীন শরণখোলা ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র এবং খোন্তাকাটা গ্রামের মো. শাহজাহান মোল্লার ছেলে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেয়া হয়েছে। ইউনিয়ন ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দেলে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
পরিবারের সূত্র জানায়,আগামী ৬ জুলাই সেনাবাহিনীর সৈনিক পদে চাকরিতে যোগদান করার কথা ছিল নবীনের।
আহতের পিতা শাহজাহান মোল্লা জানান,খোন্তাকাটা ইউনিয়ন ছাত্রলীগের আসাদ-রঞ্জুর নেতৃত্বে ৭/৮ জন সন্ত্রাসী সকালে নবীনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে বাড়ির সামনে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নবীনকে জখম করে তারা। এ সময় তার বাম পায়ের রগও কেটে দেয়।
তিনি জানান, একদিন আগে খোন্তাকাটায় এক তাফসির মাহফিলে বসে তার ছেলের সঙ্গে ছাত্রলীগের অপর পক্ষের বাকবিতণ্ডা হয়। ওই ঘটনার জের ধরে প্রতিপক্ষ এ হামলা চালায়।
শরণখোলা থানার ওসি কাজী আব্দুস সালেক জানান,এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের একটি দল অভিযান চালাচ্ছে।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]