নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় সন্দেহভাজন আসামি আবদুর রহিম রতনকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিন সোমবার সন্ধ্যায় এ রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা আবদুল আউয়াল বলেন, ‘রতনের কাছ থেকে চন্দন সরকারের মোবাইল পাওয়া গেছে।’ জেলা পুলিশ সুপার মহিদ উদ্দিন জানান, গুলশান এলাকায় অভিযান চালিয়ে রবিবার রাত ৯টার দিকে রতনকে আটক করা হয়।
এর আগে, নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ৭ হত্যা মামলার প্রধান আসামি কাউন্সিলর নূর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে আটক ও গ্রেফতার ১৫ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়। জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিন রবিবার বিকালে এ আদেশ দেন।
চাঞ্চল্যকর ৭ হত্যা মামলার মূল আসামি কাউন্সিলর নূর হোসেনের বাড়িতে শনিবার অভিযান চালিয়ে হত্যা মামলায় ৬ জনকে গ্রেফতার ও ৯ জনকে আটক দেখান হয়।
হত্যা মামলায় গ্রেফতারকৃতরা হলেন- তানভীর আহম্মেদ ওরফে তানভীর, ইয়াসিন ওরফে সিপন, আলমগীর হোসেন ওরফে আলমগীর, সোনা মিয়া ওরফে ইমরান, জুয়েল আহাম্মদ শাহীন ও মিজান।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ওই ঘটনায় আটক ৯ জন হলেন- লিটন ওরফে মেহেদী হাসান, মফিজুল হক মফিজ, মো. সৌরভ, কাইউম, নজরুল ইসলাম, আশরাফুল, মো. কাজল, মো. জামাল হোসেন, আরিফুজ্জামান সরকার ওরফে আরিফ।
তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল আউয়াল তাদের রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ৫ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]