পুলিশ কর্মকর্তার খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার করতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে আরো দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকালে নরসিংদী শহরের তরকারি পট্টি এলাকায় সাত্তার বোর্ডিংয়ে অভিযান চালাতে গিয়ে এই ঘটনা ঘটে।
আহত হওয়া পুলিশ সদস্যরা হলেন, উপ পরিদর্শক মোস্তাক ও কনস্টেবল সোহেল। মোস্তাক হাতে ও সোহেল মাথায় আঘাত পান। এছাড়া সোহাগ ভূঁইয়া ভুট্টো নামের এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হন। তাদেরকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আটককৃতরা হলেন, সোহাগ ভূঁইয়া ভুট্টো (৩৭), রানা (৪০), মতিন (৩৮), পরিমল সাহা (৪৬) ও আব্দুল গাফফার (২৮)।
অভিযান চালানো ওই বোর্ডিং থেকে দুই রাউন্ড গুলি ও একটি ৭.৬২ বিদেশি পিস্তল, একটি চাপাতি, পাঁচ বোতল ফেনসিডিল ও ছয় পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নরসিংদীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ত্রাসীরা ছাত্তার বোর্ডিংয়ে অবস্থান করছে এ খবর সেখানে অভিযান চালানো হয়।
এদিকে, শহরের দত্তপাড়া এলাকার বাসিন্দা গুলিবিদ্ধ ভুট্টোর পরিবার সন্ধ্যায় নরসিংদী প্রেসক্লাবে এসে অভিযোগ করে, ভুট্টো নরসিংদী বাজারের একজন তরকারী ব্যবসায়ী। তাকে পুলিশ লোক মারফত খবর দিয়ে ছাত্তার বোর্ডিংয়ে নিয়ে সেখানে গুলি করে। খবর পেয়ে ভুট্টোর স্ত্রী মোর্শেদা বেগম সদর হাসপাতালে ভুট্টোকে দেখতে গেলে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ভুট্টোকে মাইক্রোবাসে উঠিয়ে ঢাকায় নিয়ে যায়। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন।
ঢাকা, ২৬মে (টাইমনিউজবিডি) //জেডআই