চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের ষষ্ঠ দফায় ৫৯ দশমিক ৪৭ শতাংশ ভোট পড়েছে। একটি উপনির্বাচনসহ ১২ উপজেলায় ১৮ লাখ ৪৫ হাজার ১৩৩ জন ভোটারের মধ্যে ১০ লাখ ৯৭ হাজার ৩১১ জন ভোট দিয়েছেন। নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে।
ইসি সূত্রে জানা গেছে, বৈধ ভোটের সংখ্যা ১০ লাখ ৫৫ হাজার ১২৬টি। আর বাতিল ভোটের সংখ্যা ৪২ হাজার ১৮৫টি। ১৩ উপজেলায় মোট ১৮২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬৪, ভাইস চেয়ারম্যান পদে ৬৯ ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ৪৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীরা পেয়েছেন ৫ লাখ ৫১ হাজার ৭০৮ ভোট। উত্তরবঙ্গের উপজেলাগুলোতে বেশি ভোট পড়েছে। এ সব জেলায় গড়ে ৬২ শতাংশের বেশি ভোটার ভোট দিয়েছেন। আর সবচেয়ে বেশি ভোট পড়েছে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায়। এ উপজেলায় ভোট পড়েছে শতকরা ৭৮ দশমিক ২৩ শতাংশ।
শতকরা ৭৪ দশমিক ১৭ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বরগুনার তালতলী উপজেলা। আর সবচেয়ে কম ভোট পড়েছে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায়। এ উপজেলায় শতকরা ভোট পড়েছে ৪৮ দশমিশ ৪৩ শতাংশ।
এ বিষয়ে নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক বলেন,  চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের ষষ্ঠ দফায় গড়ে শতকরা ৫৯ দশমিক ৪৭ শতাংশ ভোট পড়েছে।
তিনি বলেন, বৈধ ভোটের সংখ্যা ১০ লাখ ৫৫ হাজার ১২৬টি। আর বাতিল ভোটের সংখ্যা ৪২ হাজার ৮৫টি।
[b]ঢাকা, এএম, ২০ মে (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]