মুন্সীগঞ্জের লঞ্চঘাটের কাছে ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলারসহ ১৬ মণ জাটকা আটক করেছে কোস্টর্গাড ও মৎস্য বিভাগ।
শুক্রবার ভোরে ৩টি লঞ্চ এবং একটি ইঞ্জিনচালিত ট্রলারে অভিযান চালিয়ে এগুলো আটক করা হয়। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাসেদুজ্জামান জানান, দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী এমভি সিরাজ-২ এমভি প্রিন্স অব হাসান হোসেন ও এমভি মিতালী নামের ৩টি লঞ্চ এবং একটি ইঞ্জিনচালিত ট্রলারে অভিযান চালিয়ে ১০টি ঝুড়িবন্দী অবস্থায় জাটকা ইলিশগুলো আটক করা হয়।
এসময় জাটকা বহনকারী ট্রলারটি আটক করা হয়েছে বলে তিনি জানান। পরে জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করে দেয়া হয়েছে বলে তিনি জানান।
এনিয়ে গত ১ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত অভিযান চালিয়ে মুন্সীগঞ্জে ৬৩ মণ জাটকা আটক করা হলো।
ঢাকা, ২১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর