[b]ব্রিসবেন: [/b]ব্রিসবেন আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টের শিরোপা জিতে নিয়েছেন সেরেনা উইলিয়ামস। শনিবার ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে টুর্নামেন্টের মহিলা বিভাগের চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।
আজারেঙ্কাকে কোন সুযোগই না দিয়ে পর পর দু’টি সেট নিজের করে নিয়ে শিরোপা নিশ্চিত করেন সেরেনা। ফাইনাল ম্যাচের প্রথম সেটটি ৬-৪ ব্যবধানে জয়ের পর ৭-৫ ব্যবধানে দ্বিতীয় সেট নিশ্চিত করেন ওই মার্কিন টেনিস তারকা। এ জন্য তিনি সময় নিয়েছেন ৯৮ মিনিট।
নিজের শক্তিশালী সার্ভিসের মাধ্যমে বিশ্বের এক নম্বর র্যাং কধারী বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা দ্বিতীয় শীর্ষ আজারেঙ্কাকে সরাসরি সেটে হারিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছেন এক ও দুই নম্বরের মধ্যে সামর্থ্যের ফারাক কতটুকু!
প্রথম সেটের লড়াইয়ে মাত্র একবার আজারেঙ্কাকে সুযোগ দিয়েছিলেন উইলিয়ামস। কিন্তু দ্বিতীয় সেটে গিয়ে তিনি দুইবার নিজের সার্ভিস থেকে ব্যর্থ হন। এই জয়ের মাধ্যমে তিন দফা আজারেঙ্কাকে চ্যাম্পিয়ন শিরোপার দ্বারপ্রান্তে থেকে ফিরিয়ে দিলেন তিনি। এই নিয়ে আজারেঙ্কার বিপক্ষে ১৪তম বারের মতো জয় লাভ করলেন উইলিয়ামস। ইতোমধ্যে ১৭ বার মুখোমুখি হয়েছেন এই দুই টেনিস তারকা।
এর আগে সেমিফাইনালে বিশ্বের চতুর্থ বাছাই মারিয়া শারাপোভাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা সেরেনা টুর্নামেন্টটিতে একটি সেটও হারেননি। শুধু তাই নয়, ২০১১ সাল থেকে এ পর্যন্ত দু’টি গ্র্যান্ড স্লামসহ ১১টি শিরোপা জয় করা সেরেনা মাত্র চারটি ম্যাচে পরাজিত হয়েছেন।
২০১৩ সালে মাত্র ৮ সপ্তাহের ব্যবধানে এক নম্বর স্থানটি পুনরুদ্ধার করা এই মার্কিন তারকা এক নাগারে ৩৪ ম্যাচ ধরে জয়ের মধ্যে রয়েছেন।