বাণিজ্য ঘাটতি কমাতে ইউনানের বাজারে বাংলাদেশি পণ্যের বাজারজাতের জন্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির ইউনান প্রদেশের সচিব কিন গুয়াংরং। শনিবার সন্ধ্যায় কুনমিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে হোটেলে অবস্থান করছেন সেখানে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন কিন গুয়াংরং।
পরে, বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবিষয়ে সাংবাদিকদের জানান।
বৈঠকে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমানোর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের বিষয়টি আলোচিত হয়েছে বলে জানান শহীদুল হক।
তিনি বলেন, “ইউনানে বিশাল বাজার থাকার কথা উল্লেখ করে কমিউনিস্ট পার্টির ইউনান প্রদেশের সচিব বলেছেন, বাংলাদেশের পণ্য ইউনানের বাজারে বাজারজাতের জন্য তারা ব্যবস্থা নেবে।
“ইউনানের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ এবং জনগণের মধ্যে যোগাযোগ (পিপল টু পিপল কনট্যাক্ট) বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে”, যোগ করেন পররাষ্ট্র সচিব।
২০১২-১৩ অর্থ বছরে বাংলাদেশ থেকে চীনে রপ্তানি হয়েছে ৪৫ কোটি ৮১ লাখ ডলারের পণ্য। অন্যদিকে, চীন থেকে ৬৩০ কোটি ৭০ লাখ ডলারের পণ্য আমদানি করেছে বাংলাদেশ।
বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।
এ প্রসঙ্গে চট্টগ্রাম ও মিয়ানমার হয়ে কুনমিংয়ে যে রাস্তার প্রস্তাব ছিলো, তার দ্রুত বাস্তবায়নে গুরুত্বারোপ করেছেন শেখ হাসিনা।
শহীদুল হক বৈঠক প্রসঙ্গে আরো বলেন, “কিন গুয়াংরং বলেছেন, ‘জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে’। এজন্য, শিক্ষা ও পর্যটনের ক্ষেত্রে তিনি গুরুত্বারোপ করেছেন চিন গুয়াংরং।”
“ইউনানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের ছাত্ররা যেনো পড়তে পারে, সেজন্য এই প্রদেশের সরকার গুরুত্ব দেবে। এছাড়াও বাণিজ্য বৃদ্ধির কথা বলেছেন”, যোগ করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব।
পরে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সফরসঙ্গীরা তাদের সম্মানে গ্রিন লেক হোটেলের গোল্ডেন হলে চীনের কমিউনিস্ট পার্টির ইউনান প্রদেশের সচিব চিন গুয়াংরংয়ের দেওয়া নৈশভোজে যোগ দেন।
রাতে, চীনে বসবাসরত বাংলাদেশের ছাত্র এবং চীন ও হংকংয়ে বসবাসরত ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময়, পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে চীন ও হংকংয়ে বসবাসরত বাংলাদেশিদের দেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তাদেরকে চীনৈর উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, “চীনের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।”
[b]ঢাকা: কেএ ৭ জুন (টাইমনিউজবিডি.কম)//[/b]
শ্রেণীহীন
প্রধানমন্ত্রীর সঙ্গে কুনমিং কমিউনিস্ট পার্টি নেতার সাক্ষাৎ
বাণিজ্য ঘাটতি কমাতে ইউনানের বাজারে বাংলাদেশি পণ্যের বাজারজাতের জন্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির ইউনান প্রদেশের সচিব কিন গুয়াংরং। শনিবার সন্ধ্যায় কুনমিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে হোটেলে অবস্থান করছেন সেখানে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন কিন গুয়াংরং।





