[b]সিলেট:[/b] সিলেটের বিয়ানীবাজারে গত শনিবার থেকে নিখোঁজ হওয়া এক ছাত্রদল কর্মীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার ভোর রাতে সিলেট-বিয়ানীবাজার সড়কের আঙ্গুরা মোহাম্মদপুর রাস্তার পাশের খাল থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
সে চারখাই ইউনিয়নের জিরখাই গ্রামের মুবারক আলীর পুত্র ছাদিকুর রহমান (১৮)।  
জানা যায়,চারখাই ইউনিয়ন ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছাদিকুর পেশায় একজন গাড়ি চালক। সে নিয়মিত ছাত্রদলের মিছিল,সভায় যোগ দিতো।
গত শনিবার তাকে এলাকার কিছু লোক গাড়িতে করে নিয়ে যায়। ওই দিন থেকেই সে নিখোঁজ হয়।
মঙ্গলবার বিকেলে তার লাশ রাস্তার পাশের খালে দেখতে পেয়ে এলাকার লোকজন বিয়ানীবাজার থানা পুলিশে খবর দেয়। পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
বিয়ানীবাজার থানার এস.আই আব্দুল মান্নান জানান,লাশ অর্ধগলিত থাকায় তার শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা,তা তিনি সঠিক করে জানাতে পারেননি। রাজনৈতিক কারণে নাকি অন্য কোনো কারণে ছাদিকুরের মৃত্যু হয়েছে,সে সম্পর্কে তিনি কোন মন্তব্য করতে চাননি।
নিহতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।