ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ করতে ৪৯ হাজার মাঠকর্মী কাজ করবে। চলতি মাসের ১৫ মে থেকে ৩ পর্বে দেশব্যাপী ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কাজ শুরু করা হবে।
সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের উপ-সচিব মিহির সারোয়ার টাইমনিউজবিডিকে  এ তথ্য জানান।
ইসি সূত্র জানায়, ভোটার হালনাগাদ কার্যক্রমের ভিত্তিতে এবার ৫ শতাংশ নতুন ভোটার তালিকাভুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আর এ পরিকল্পনা অনুযায়ী, হালনাগাদের ৩ ধাপে ১৫ লাখ ৩৩ হাজার করে প্রায় ৪৬ লাখ ভোটারকে অন্তর্ভুক্ত করার টার্গেট নির্ধারন করেছে ইসি।  
এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য ৪ হাজার ৫৮৩টি ইউনিয়নে, ৩১৩ পৌরসভায়, ১২টি ক্যান্টনমেন্ট বোর্ড ও ১১টি সিটি করপোরেশনে কাজ করেব ৪৯ হাজার মাঠ কর্মী। এ জন্য ভোটার নিবন্ধন কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৪০০টি। পর্যায় ভিত্তিক কেন্দ্র হলো ১ হাজার ৮০০টি। প্রতিকেন্দ্রে ভোটার করা হবে ৮৫০ জনকে।
এছাড়া হালনাগাদ ভোটার তালিকা প্রণয়নে মাঠপর্যায়ে কাজ করবে ১৫০টি টিম। প্রতি টিমে একজন করে টিমলিডার, চারজন ডাটা এন্ট্রি অপারেটর, দু’জন প্রুফ রিডার ও একজন ডাটা এন্ট্রি হেলপার কাজ করবেন।  সুপারভাইজারের দায়িত্ব পালন করবেন ৯ হাজার ৬৬০ জন।
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব মিহির সারোয়ার মোর্শেদ বলেন,  ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ করবেন ৪৯ হাজার মাঠকর্মী। এ মাঠ কর্মীরা ৪ হাজার ৫৮৩টি ইউনিয়ন পরিষদে, ৩১৩ পৌরসভায়, ১২টি ক্যান্টনমেন্ট বোর্ড ও ১১টি সিটি করপোরেশনে তথ্য সংগ্রহকারী হিসেবে কাজ করবেন।
ঢাকা, এএম, ৫ মে (টাইমনিউজবিডি.কম)//এসআর