লেগুনা ও বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূসহ ২ নারী নিহত ও কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৭টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের দক্ষিণ শালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ শালনা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চান্দনা চৌরাস্তা থেকে হোতাপাড়াগামী লেগুনা ও বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই গীতা রানী (২৫) নামে এক গৃহবধূ নিহত হন। তার বাড়ি গাজীপুর সদর উপজেলার মনিপুর গ্রামে। অন্য নারীর পরিচয় জানা যায়নি। তাদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুলাহ-আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
গাজীপুর হাইওয়ে পুলিশের নাওজোর ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট ইকবাল হোসেন এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]