লিবিয়ার বেনগাজি শহরের পশ্চিমাঞ্চলীয় কানফুজে এলাকা থেকে সশস্ত্র ব্যক্তিরা তিন বাংলাদেশিকে অপহরণ করে নিয়ে গেছে।  লিবিয়ার নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
ইন্টারনেট ভিত্তিক বার্তা সংস্থা আল-ইয়াওম আল-সাবাহ’র উদ্ধৃতি দিয়ে ইরানের বার্তা সংস্থা ইরনা এ খবর দিয়েছে। খবরে আরো বলা হয়েছে, লিবিয়ার নিরাপত্তা বাহিনী অপহরণকারীদের ধরার জন্য তাদের পিছু নিলেও শেষ পর্যন্ত ধরতে পারেনি।
লিবিয়ার দারানে ও বেনগাজি শহরে সবচেয়ে বেশি উত্তেজনা ও সহিংস ঘটনা ঘটছে এবং এ দু’টি শহর কার্যত উগ্র গোষ্ঠীগুলোর অভয়ারণ্যে পরিণত হয়েছে।
সেনাবাহিনী বেনগাজি শহরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করলেও সেখানে এখনো নিরাপত্তাহীনতা ও অশান্ত পরিবেশ বিরাজ করছে।
সূত্রটি আরো জানিয়েছে, ২০১১ সালের অক্টোবরে মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতা থেকে উৎখাত ও নিহত হওয়ার পর থেকে সেদেশে নিরাপত্তাহীনতা ও সহিংস ঘটনা বেড়েই চলেছে।
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এএম
[/b]