বাংলা কবিতায় ‘সনেট’ এবং ‘অমিত্রাক্ষর ছন্দ’র প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯০তম জন্মবার্ষিকী আজ শনিবার।
যশোরের কেশবপুরের সাগরদাঁড়ির কপোতাক্ষ নদের তীরে ১৮২৪ সালের এদিনে জন্মগ্রহণ করেন তিনি।
কিংবদন্তিসম প্রবাদপ্রতীম এ মহাকবির জন্মবার্ষিকী উপলক্ষে তার আবাল্য স্মৃতিময় সাগরদাঁড়িতে এবারও আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী মধু মেলা। সপ্তাহব্যাপী ওই মেলায় কবির স্মৃতিবিজরিত কপোতাক্ষ পাড়ের মধুপল্লীতে মধুভক্ত লাখো মানুষের সামাগম হবে।
মধু কবির জন্মজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, এই মহাকবি বাংলা সাহিত্যকে অমরত্ব দান করেছেন আপন যোগ্যতায়। বিশ্বসাহিত্যের অঙ্গন তিনি মুখরিত করেছেন তার অসামান্য সৃজনশীলতায়। তিনি বলেন, ‘সনেট’ ও ‘অমিত্রাক্ষর ছন্দ’ তার সৃষ্টি সৌকর্যকে করেছে বাক্সময়। ভাবাদর্শের ঐকতানে তিনি একসূত্রে গেঁথে দিয়েছেন প্রাচ্য ও পাশ্চাত্যকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মাইকেল মধুসূদন দত্তের অনন্য সাহিত্যকীর্তি আমাদের ভাষা ও সাহিত্যের মহামূল্যবান সম্পদ। তিনি বাংলা ভাষায় মহাকাব্য রচনা এবং বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তনের পথিকৃৎ।
নাটক, প্রহসন, মহাকাব্য, পত্রকাব্য, সনেট, ট্রাজেডিসহ সাহিত্যের বিভিন্ন শাখায় তার অমর সৃষ্টি বাংলা ভাষা ও সাহিত্যকে বিশেষ মর্যাদার আসনে আসীন করেছে। কবির জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত মেলার সাফল্য কামনা করেন তিনি।
এদিকে মধুকবির জন্মজয়ন্তী উপলক্ষে মেলা এবং তার নিজ এলাকায় জামাই-আত্মীয়স্বজন আপ্যায়নের যে রীতি শুরু হয়েছে, তার ধারাবাহিকতা এবারও তা অব্যাহত রয়েছে। আজ বিকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি মধু মেলার উদ্বোধন করবেন।
এ নিয়ে এরই মধ্যে আশপাশের কয়েকটি জেলায় সাড়া পড়ে গেছে। জামাই ও আত্মীয়স্বজন বরণ ও আপ্যায়নের লক্ষ্যে গ্রামের ঘরে ঘরে চলছে নানা আয়োজন।
[b]
ঢাকা, ২৫ জানুয়ারি, (টাইমনিউজবিডি.কম)//ইএইচ/এফএ[/b]