রাজশাহী মহানগরীতে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুুলিশ। যুবকের নাম লিখন (২২)। সে নগরীর বাইপাস নিমতলা এলাকার কাজেম আলীর ছেলে।
শনিবার দিবাগত রাত পৌনে ৪টায় সিলিন্দা বটতলার ইক্ষু ক্রয় সেন্টার সংলগ্ন এলাকা থেকে রাজপাড়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান এ তথ্য নিশ্চিত করে বলেছেন, লিখনের বুকে দুটি ও পেটে একটিসহ তিনটি গুলি বিদ্ধ হয়। এ হত্যার কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন। 
তিনি জানান, লাশ রাতেই ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে, লিখনের বড় ভাই সুমন জানান, শনিবার রাত ১০টার দিকে একই এলাকার জীবন নামের এক যুবক লিখনের ঘরে প্রবেশ করে। এরপরে জীবনের সঙ্গেই লিখন বেরিয়ে যায়।
এর কিছুক্ষণ পরে সে একা ফিরে আসে। পরে রাত সাড়ে ১২টায় লিখন আবার বাসা থেকে বেরিয়ে যায়। একে পরিকল্পিত হত্যা দাবি করলেও তার কারণ জানাতে পারেননি সুমন।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]