নাটোর: নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার আগ্রাণ বাজারে ট্রাক ও পিকআপের সংঘর্ষে পিকআপের চালক শফিকুল ইসলাম (৪৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত শফিকুল যশোরের কোতয়ালী থানার বাসুন্দিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ জানান, বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রাণে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ভূট্টা বোঝাই বিকল ট্রাককে (ঢাকা মেট্রো ট ১৬-৫৯৮৯) নাটোর থেকে ঢাকাগামী অপর একটি পিক-আপ পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপের চালক শফিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। নিহত শফিকুল ইসলামের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।





