রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে পদ্মা নদীতে নিখোঁজ এক যুবকের লাশ প্রায় ৬ মাস পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠকের পর বুধবার বিজিবি’র কাছে তারা লাশটি হস্তান্তর করেন।
গত বছরের ৮ অক্টোবর গোদাগাড়ী উপজেলার দিয়ারমানিকচর গ্রামের আশরাফুল খানের ছেলে  রাসেল খান (১৯) পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন।
পরে সীমান্ত পিলার ৪৪/২-এস এর বিপরীতে আনুমানিক ১৫শ’ গজ ভারতের অভ্যন্তরে চরলংগোলা বিএসএফ ক্যাম্প সংলগ্ন পদ্মানদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয়ে এক ব্যক্তির মৃতদেহ বিএসএফ দেখতে পেয়েছে বলে বিজিবি খবর পায়।
এরপর ৯ অক্টোবর সাহেবনগর বিওপি কমান্ডার এবং চরলংগোলা বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে মরদেহটি বাংলাদেশি নাগরিক রাসেলের বলে সনাক্ত করা হয়।
পরে মৃতদেহটি ফেরত চেয়ে বিজিবি সাহেবনগর বিওপি কমান্ডার চরলংগোলা বিএসএফ কোম্পানি কমান্ডারের সাথে বেশ কয়েক দফা পতাকা বৈঠক হয়। গত ২৩ ডিসেম্বর ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠকে মৃতদেহটি দ্রুত ফেরত দেওয়ার জন্য জোর দাবি করা হয়।
অবশেষে বুধবার সকালে উভয় দেশের পুলিশের উপস্থিতিতে সীমান্ত পিলার ৪৫/১-এস এর নিকট বিজিবি-বিএসএফ-এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শেষে বিএসএফ-এর পক্ষ থেকে রাসেলের মৃতদেহ ফেরত দেওয়া হয়।
[b]রাজশাহী, ২৭ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ[/b]