প্রধানমন্ত্রীর বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা হিসেবে পুনরায় নিয়োগ পেলেন তৌফিক-ই-এলাহী চৌধুরী।
রোববার সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়,প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস,১৯৯৬-এর রুল ৩(বি)(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে এ নিয়োগ প্রদান করেছেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি এবং আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন বলেও তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
মহাজোট সরকারের আমলেও ড. তৌফিক-ই-এলাহী প্রধানমন্ত্রীর ওই উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন। এ নিয়ে বর্তমানে উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো পাঁচজন।
সিলেটের বিয়ানীবাজারে বাসিন্দা তৌফিক এলাহী ১৯৭১ সালে মেহেরপুরের জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন। ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়লে সশস্ত্র যুদ্ধে নামেন তিনি।
এর আগে সীমান্ত সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ডিসি ও ওই অঞ্চলের বিএসএফ প্রধানকে সার্বিক পরিস্থিতি জানিয়ে চিঠি লিখেছিলেন তৌফিক এলাহী।
১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠানের কাজেও সক্রিয় ছিলেন এই প্রশাসনিক কর্মকর্তা। কিন্তু এরপর প্রশাসনিক দায়িত্ব না নিয়ে সরাসরি যুদ্ধ করাকে অগ্রাধিকার দেন তিনি। তিনি যুদ্ধ করেছেন ৮ নম্বর সেক্টরে।
স্বাধীনতার পর প্রশাসনে যোগ দিয়ে সচিব হিসেবে অবসরে যান তিনি। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে শেখ হাসিনার বিরুদ্ধে করা একটি মামলায় আসামি করা হয় তাকেও।
এরপর ২০০৯ সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে শপথ নেয়ার পর জ্বালানি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন তৌফিক এলাহীকে।  
[b]ঢাকা, ২৬ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এফএ
[/b]